নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাস-সংলগ্ন বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামে ছাত্রলীগ নেতাসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিহত তিনজনের স্বজন, বন্ধু ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিসংবলিত ব্যানার ও পোস্টার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন লোকজন। বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা। পরে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে একটি স্মারকলিপি জেলা প্রশাসককে দেওয়া হয়।
গত ২১ মার্চ রাতে গুলিতে নিহত হন ফজলে হুদা ওরফে রাজীব। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম ওরফে ওয়াসিম ও কর্মী জামসেদুল হক ওরফে ইয়াছিন। নিহত তিনজনের বাড়ি নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকায়। এ ঘটনায় বেগমগঞ্জের এখলাছপুর ইউনিয়নের অনন্তপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কুদরাত উল্লা, তাঁর ছেলে ওমর ফারুক ওরফে সাজুসহ ১১ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। মামলায় এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন। আওয়ামী লীগ নেতা ও তাঁর ছেলেকে এখনো গ্রেপ্তার করা যায়নি। মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানতে চাইলে ওসি-ডিবি মো. আতাউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ নেতাসহ তিন খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা নিয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে গতকালও তাঁর কথা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।