মুক্তমনা লেখক ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। গণজাগরণ মঞ্চের মানিকগঞ্জ জেলা শাখা আয়োজিত ওই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন গণজাগরণ মঞ্চের জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন পরিবেশবাদী আন্দোলনের নেতা দীপক ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি আজাহারুল ইসলাম, উদীচীর জেলা সভাপতি গাজী ওয়াজেদ আলম, যুব ইউনিয়নের জেলা সভাপতি আরশেদ আলী মাস্টার, পরিবেশবাদী সংস্থা বারসিকের জেলা সমন্বয়ক বিমল রায়, জেলা কৃষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি মো. নূরুজ্জামান ও প্রথম আলো বন্ধুসভার মানিকগঞ্জের সভাপতি মাহবুব আলম প্রমুখ।
বক্তারা বলেন, দেশে একের পর এক মুক্তমনা লেখক ও ব্লগারদের হত্যা করা হচ্ছে। কিন্তু এসব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের বিচারের মুখোমুখি না করার কারণে একের পর এক মুক্তচিন্তার লেখক ও ব্লগারদের একই কায়দায় হত্যা করা হচ্ছে।