শরীয়তপুরের জাজিরায় আলোচিত চাঁদনী ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে তার সহপাঠী ও স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন।
সকাল সাড়ে ১০টার সময় ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরার টিঅ্যান্ডটি মোড়ে টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ সময় টিঅ্যান্ডটি মোড়ের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
জাজিরা থানার ওসি নজরুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
গত বছরের ১১ মার্চ স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তার। পরে ১৩ মার্চ চাঁদনীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।