পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের কৃষক আইয়ুব নবী (৪০) হত্যার এক মাসের বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু পুলিশ এখনো এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর নয় বলে আইয়ুব নবীর পরিবারের লোকজন অভিযোগ করেছেন।পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আইয়ুব নবীর সঙ্গে তাঁর গ্রামের ফুলচাঁদসহ কয়েকজনের কিছুদিন আগে ঝগড়া হয়। এর জের ধরে গত ২৬ জুলাই রাত আটটার দিকে ফুলচাঁদ (৩০) আইয়ুবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরদিন আইয়ুবের বাড়ির পাশে তাঁর লাশ পাওয়া যায়। নিহতের স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে সাঁথিয়া থানায় পরদিন ফুলচাঁদ, খোকন, মিন্টু আজম, আলেয়া খাতুন, খোকন মিয়া, তফিজ উদ্দিন ও শামিম হোসেনকে আসামি করে মামলা করেন। এদিকে এ ঘটনায় পুলিশ আসামিদের মধ্যে শুধু আলেয়া খাতুনকে ২৭ জুলাই গ্রেপ্তার করে। ৩০ আগস্ট তিনি জামিনে ছাড়া পান। আইয়ুবের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ফুলচাঁদ, খোকনসহ অন্য আসামিদের ধরার ব্যাপারে পুলিশ নিষ্ক্রিয়। আইয়ুবের মা শাহেদা খাতুন (৭০) বলেন, ‘আমার ব্যাটাক ওরা শ্যাষ কইর্যা দিয়্যা ঘুইর্যা বেড়ায়। আমি ব্যাটা হত্যার বিচার দেখার জন্যই বাঁইচ্যা আছি।’ মামলার তদন্ত কর্মকর্তা সাঁথিয়া থানার উপপরিদর্শক হাসমত আলী বলেন, ‘আসামিদের ধরার ব্যাপারে আমরা তৎপর নই—এটা ঠিক নয়। আসামিদের গ্রেপ্তারে বারবার অভিযান চালাচ্ছি।’