হত্যাকারীদের গ্রেপ্তারে সরকার আন্তরিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফিদা আহমেদ l ফাইল ছবি
রাফিদা আহমেদ l ফাইল ছবি

লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারের কোনো আন্তরিকতা দেখছেন না বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। গতকাল বৃহস্পতিবার লন্ডনে বিবিসির কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। গুরুতর আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ।
অভিজিৎ রায়ের হত্যার পর এতগুলো মাস কেটে গেছে, তদন্ত-প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, তাতে সন্তুষ্ট কি না জানতে চাইলে রাফিদা বলেন, ‘না, আমি সন্তুষ্ট না। কিন্তু আমি আসলে খুব অবাকও হই না এটাতে। এ রকমটাই হওয়ার কথা ছিল। আমি মনে করি না, এখানে ১০-১২ জন বা দুজন শুধু হত্যাকারী ছিল, যারা অভিজিৎকে মারার জন্য এসেছিল। আমার ধারণা, এখানে আন্তর্জাতিকভাবে যুক্ত অনেক বড় একটি গ্রুপ কাজ করছে এর পেছনে। আমি আসলে জানি না, বাংলাদেশের সরকার আসলে কতটুকু আন্তরিক এ ব্যাপারটার গভীরে ঢোকার জন্য। আমার ধারণা, তারা জানে। অনেক কিছু জানে।’
এ ধারণার কারণ জানতে চাইলে রাফিদা বলেন, ‘না জানার কথা নয়। এখন সবকিছু খুব ইন্টারকানেক্টেড। অনেক ধরনের তথ্য অনেকের কাছে আছে। এটা না জেনে কীভাবে একটা সরকার চালানো যায়, তা আমি জানি না।’