হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের সোন্দ্রম গ্রামের কলেজছাত্র জুয়েল রানার (২০) হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
গতকাল মঙ্গলবার কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবপুর বাজার ও পুলিশ ফাঁড়ির সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
সোন্দ্রম মাধ্যমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল দুপুরে মিছিল ও মানববন্ধনে সহস্রাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, সোন্দ্রম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কুমিল্লা কমার্শিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী জুয়েল রানাকে মুঠোফোনে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সন্দেহভাজন হত্যাকারীর নামে মামলা করার চেষ্টা করলেও পুলিশ তা নেয়নি। এলাকার প্রভাবশালী একটি মহল হত্যার ঘটনাটি ভিন্ন খাতে নিয়ে দামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সরকার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।