হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবার জেলা শহরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ব্যবসায়ী আবদুল মজিদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবার জেলা শহরে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে এলাকার কয়েক শ মানুষ মৌলভীবাজার শহরে এসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। পরে এলাকাবাসীর পক্ষ থেকে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে একটি সঞ্চারকলিপি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের কয়েক শ গ্রামবাসী ও ব্যবসায়ী মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কে এসে সমবেত হন। এরপর তাঁরা পতনঊষার ইউনিয়নের গোপীনগর গ্রামের ব্যবসায়ী আবদুল মজিদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন। এ সময় আবদুর রবের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যবসায়ী মরম আলী, তওফিক আহমদ, জিলু মিয়া, সাইফুর রহমান, দিলু মিয়া প্রমুখ। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর তিন সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ২৮ আগস্ট রাতে সন্ত্রাসীরা কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের গোপীনগর গ্রামের আবদুল মজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে।