হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ
টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনায় রিকশাচালক রুবেল মিয়াকে (২৪) পিটিয়ে হত্যা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে।
এতে মহাসড়কের উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কদিম ধল্যা এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, যানজটে আটকা পড়ে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে রিকশা ভাড়া নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে কয়েকজন যুবক রুবেলকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় রুবেলের স্ত্রী রেণু বেগম বাদী হয়ে বানিয়ারা গ্রামের ধ্রুব, রিফাত, জিহাদ, নীরব, আবির ও জামাই বিপ্লবের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন।