ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগর গ্রামের শিশু মনিরা খাতুন (৫) হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের পর ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নিহত মনিরার বাবা রমজান আলী এতে লিখিত বক্তব্য পড়েন।
লিখিত বক্তব্যে রমজান আলী উল্লেখ করেন, গত ৭ জুলাই সন্ত্রাসীরা মনিরাকে অপহরণ করে দুই লাখ টাকার মুক্তিপণ দাবি করে। ১১ জুলাই অচিন্তনগরের একটি পাটখেতে মনিরার গলিত লাশ পাওয়া যায়। মনিরাকে অ্যাসিড দিয়ে ঝলসে, হাত-পা টুকরো করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পর পুলিশ জিহাদ নামে মাদ্রাসার এক ছাত্রকে আটক করে। এ ঘটনায় তিনি ঝিনাইদহ সদর থানায় ১২ জনের নামে মামলা করেন। পুলিশ জিহাদ, নূপুর ও শিপন নামের তিনজনকে গ্রেপ্তার করলেও অন্যরা পলাতক। আসামিরা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান রমজান আলী।