হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জাতীয় পার্টির নেতা আতিকুর রহমান ওরফে রাজার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল রোববার ১২টায় কচাকাটা বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন বেস্ট অব কচাকাটার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল, কেদার ইউনিয়নের চেয়ারম্যান আ খ ম ওয়াজিদুল কবির, নিহত জাপা নেতার ভাই আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, জাপার নেতা মাহবুব জামান রঞ্জু ব্যাপারী, গোলেরহাট সিনিয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হানিফ উদ্দিন, কচাকাটা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান মণ্ডল, কচাকাটা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, বেস্ট অব কচাকাটার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ১৭ অক্টোবরের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। আশা করি, দুই-এক দিনের মধ্যে তাদের ধরতে পারব।’
উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি এবং চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান গত বুধবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁর পথ রোধ করে কুপিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে। গত শুক্রবার মাদারগঞ্জ ক্লিনিক মাঠে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়।