সিরাজগঞ্জের জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল বাকি মির্জার হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে জেলার স্বাস্থ্য বিভাগের প্রায় সব কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার নেতা-কর্মীরা যোগ দেন।মানববন্ধন চলাকালে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবদুর রাজ্জাক, বিএমএ সিরাজগঞ্জ শাখার সভাপতি জহুরুল হক রাজাসহ অন্যরা বক্তব্য দেন। হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের সব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী কালো ব্যাজ ধারণসহ প্রতিদিন সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দেন বিএমএ নেতা জহুরুল হক।এদিকে সদর থানার পুলিশ বাকি মির্জার ঘর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি উদ্ধার করা করেছে। এই ছবির সূত্র ধরে তারা মামলাটি তদন্ত শুরু করেছে।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, চিকিৎসক বাকি মির্জার খুনি কারা তা প্রায় নিশ্চিত হওয়া গেছে। তবে তারা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। পুলিশ গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে।গত শনিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত গণপূর্ত বিভাগের ডরমেটরির আট নম্বর কক্ষ থেকে পুলিশ চিকিৎসক বাকি মির্জার লাশ উদ্ধার করে। ওই ঘটনায় ওই দিনই চিকিৎসকের পরিচিত এশাকে আটক করে পুলিশ। এ ঘটনায় বাকি মির্জার ছোট ভাই সদর থানায় মামলা করেন।