হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শোক মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারে অটোরিকশাস্ট্যান্ডের কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দোকান কর্মচারী নিজু আহমদ (১৫) নিহত হওয়ার ঘটনায় গতকাল সোমবার দুপুরে গ্রামবাসী শোক মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দিয়েছেন। গত শুক্রবার রাতে পৌর এলাকার দক্ষিণবাজারে অটোরিকশা শ্রমিকদের একটি পক্ষের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেনের পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কসবা গ্রামের বাসিন্দা দোকান কর্মচারী কিশোর নিজু ঘটনাস্থলে নিহত হয়।
এ ঘটনায় গত রোববার বিয়ানীবাজার ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ বাদী হয়ে ছাত্রলীগের সাবেক নেতা জামাল হোসেনসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার তিন দিন পরও প্রধান আসামি জামালকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় গতকাল সোমবার দুপুরের দিকে কসবা গ্রামবাসী শোক মিছিল করে উপজেলা পরিষদ কমপ্লেক্সে গিয়ে ইউএনও বরাবর স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে ঘটনার মূল হোতা জামালসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। স্মারকলিপি দিয়ে গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় কসবা গ্রামবাসীর প্রতি সংহতি জানিয়ে আবদুল হাছিব, আবদুল মুছব্বির, বাবুল আখতার, রফিক উদ্দিন, নজরুল হোসেন, মাসুক আহমদ প্রমুখ বক্তব্য দেন।
স্মারকলিপি গ্রহণ করে বিয়ানীবাজারের ইউএনও শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক, তাদের গ্রেপ্তার না করলে সামাজিক স্থিতিশীলতা নষ্ট হয়। আসামিদের গ্রেপ্তার করতে উপজেলা প্রশাসন পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বলেন, ঘটনার পর থেকে পুলিশ জামালসহ ১২ আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশের একাধিক দল অভিযান অব্যাহত রেখেছে। এদের অচিরেই গ্রেপ্তার করা হবে।
গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণবাজারে অটোরিকশাস্ট্যান্ডের কর্তৃত্ব নিয়ে জামাল হোসেনের পক্ষের সঙ্গে অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষে দোকান কর্মচারী নিজু আহমদ (১৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সংঘর্ষে আরও দুজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নিজু জামাল পক্ষের গুলিতে নিহত হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পৌর এলাকার কসবা গ্রামের বাসিন্দা সুবল মিয়ার ছেলে নিজু দক্ষিণবাজারে একটি মাংসের দোকানের কর্মচারী ছিল।