হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসামিদের হুমকি-ধমকিতে আমি বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছি। আমার স্বামী হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। পুলিশের সঙ্গে সমঝোতা করে একজন আসামির নামে অভিযোগপত্র দিয়ে অন্যদের নামে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত প্রায়। আমি আমার স্বামী হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ গতকাল রোববার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলার শ্যামনগর উপজেলার নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার সুপার নিহত বাবুল আক্তারের স্ত্রী জেবুননেছা পারভীন এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে জেবুননেছা পারভীন বলেন, মামলার আসামি ফরিদ উদ্দীন মাসুদ, লিয়াকত হোসেন, আবু তালেব ও মহিবুল্লাহর পরিকল্পনা অনুযায়ী মাদ্রাসার এমএলএসএস আবুল কালামকে দিয়ে মাদ্রাসার সুপার তাঁর স্বামী বাবুল আক্তারকে হত্যা করা হয়েছে। আবুল কালাম আজাদের সঙ্গে তাঁর স্বামীর ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামায়াতের রুকন লিয়াকত হোসেনের সঙ্গে তাঁর স্বামীর দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল। এরই জের ধরে গত ৩১ মার্চ দুপুরে তাঁর স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন রাতে তাঁর শ্বশুর মো. আনছারউদ্দিন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে শ্যামনগর থানায় মামলা করেন। পরদিন পুলিশ আবুল কালামকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, আবুল কালাম গ্রেপ্তার হওয়ার পর তাঁর স্বীকারোক্তিতে অন্য আসামিদের সম্পৃক্ততার কথা বলেন। যার ধারণ করা ভিডিওচিত্র তাঁদের কাছে রয়েছে। অথচ অন্য আসামিদের সঙ্গে পুলিশ সমঝোতা করে আবুল কালামের নামে অভিযোগপত্র দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।
মামলার তদন্ত কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, নিহত বাবুল আক্তারের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। কারও সঙ্গে সমঝোতা করার প্রশ্নই ওঠে না।