হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে শ্রমিক লীগ নেতা ফখরুল ইসলাম (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গত ২৭ জুন রাতে একটি বাঁশঝাড়ের কাছ থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহেন্দ্রনগর বাজারের বটতলা এলাকায় লালমনিরহাট-রংপুর-ঢাকা মহাসড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। এ সময় মানববন্ধনকারীরা মহেন্দ্রনগর বাজারের মহাসড়কের দুই মাথায় মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী বটতলায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য দেন নিহত শ্রমিক নেতা ফকরুলের স্ত্রী নুসরাত জাহান ও মহেন্দ্রনগর ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য দিলারা বেগম প্রমুখ।
পরে এলাকাবাসী মহেন্দ্রনগর বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া গ্রামে হত্যাকাণ্ডে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খানের বাড়ি পর্যন্ত যায়। তবে পুলিশের হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এসব কর্মসূচি থেকে আজ বুধবার ভোর ছয়টা থেকে বলা দুইটা পর্যন্ত মহেন্দ্রনগর বাজার এলাকায় ধর্মঘট আহ্বান করা হয়।
গত ২৮ জুন রাতে লালমনিরহাট সদর থানায় ফখরুল ইসলামের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক এনামুল হক আওয়ামী লীগ নেতা আমিনুলকে প্রধান আসামি করে ১৫ জনের নাম-পরিচয় উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও পাঁচ-সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় এজাহারনামায় আসামি কাজির চওড়া গ্রামের ইসমাইল খানের ছেলে আপেল খানকে (২৮) গ্রেপ্তার করেছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, মামলার তদন্ত হচ্ছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।