হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাসে দুর্বৃত্তের হাতে নিহত জাতীয় পার্টির নেতা আতিকুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসী সমাবেশ করেছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মাদারগঞ্জ ক্লিনিক মাঠে মিলাদ মাহফিল ও দোয়া শেষে এ সমাবেশে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বল্লভের খাস ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি ও ইউপি চেয়ারম্যানপ্রার্থী আতিকুর রহমানকে গত বুধবার রাতে হাজীপাড়া নামক স্থানে দুর্বৃত্তরা কুপিয়ে ও পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে।
বক্তারা আতিকুর হত্যা মামলায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ ম প আনিছুর রহমান বলেন, হত্যাকাণ্ডের দুই দিন পার হলেও পুলিশ চিহ্নিত হত্যাকারীদের গ্রেপ্তার করছে না। পুলিশের গাফিলতির কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং আলামত নষ্ট হয়ে যাচ্ছে।
নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম বলেন, হত্যাকারীদের অনেকে দেখেছেন। তাঁরা সাক্ষ্য দিয়েছেন। তারপরও পুলিশ হত্যাকারীদের ধরতে পারছে না।
কেদার ইউপির চেয়ারম্যান আ খ ম ওয়াজেদুর ইসলাম বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার সকালে মাদারগঞ্জ ও কচাকাটায় মানববন্ধন ও সমাবেশ হবে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসামিদের ধরার চেষ্টা চলছে। আশা করি, দুই-এক দিনের মধ্যে তাঁদের ধরতে পারব। যেসব আলামত দরকার তা সংগ্রহ করা হয়েছে।’
সমাবেশে বল্লভের খাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ ম প আনিছুর রহমান, কেদার ইউপির চেয়ারম্যান আ খ ম ওয়াজেদুল ইসলাম, নিহত ব্যক্তির ছোট ভাই আজিজুল ইসলাম, মামা রেজাউল করিম, ব্যবসায়ী নূর ইসলাম, মাদারগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর শাফী ও কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুল মণ্ডল।