হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নৃশংসভাবে মা-মেয়েকে হত্যাকারীদের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন আগ্রাবাদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। গতকাল শনিবার আগ্রাবাদ সিডিএ এলাকায় এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয় এ মানববন্ধনের আয়োজন করে। নিহত সায়মা নাজনীন এ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
মানববন্ধনে বক্তারা বলেন, বখাটেদের দৌরাত্ম্যে অকালে অনেক মেধাবী প্রাণ ঝরে যাচ্ছে। তাই সম্মিলিতভাবে ইভ টিজিংয়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আকতার বলেন, সায়মার মতো মেধাবী শিক্ষার্থী এবং তার মায়ের নৃশংস হত্যাকাণ্ডে সবাই মর্মাহত। খুনিদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।
মানববন্ধনে নিহত সায়মার ভাই আসিফ আলভীও উপস্থিত ছিলেন।
২৪ মার্চ সকালে নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের ভাড়া বাসায় দিনদুপুরে খুন হয় সায়মা নাজনীন ও তার মা রিজিয়া খাতুন। ঘটনার তিন দিন পর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।