হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলিতে মুক্তিপণ আদায়ে শিশু আবতাহী আল রশিদকে অপহরণের পর হত্যার প্রতিবাদে গতকাল মানববন্ধন হয়েছে। সকালে হিলি চারমাথা মোড় থেকে তোলা ছবি l প্রথম আলো
দিনাজপুরের হিলিতে মুক্তিপণ আদায়ে শিশু আবতাহী আল রশিদকে অপহরণের পর হত্যার প্রতিবাদে গতকাল মানববন্ধন হয়েছে। সকালে হিলি চারমাথা মোড় থেকে তোলা ছবি l প্রথম আলো

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে শিশু আবতাহী আল রশিদের (৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। হাকিমপুর পৌরসভার উদ্যোগে হিলি চারমাথা মোড়ে বেলা ১১টায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চেীধুরী, সাবেক মেয়র কামাল হোসেন ও সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশফিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা শিশু আবতাহী আল রশিদের হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ বিচার দাবির পাশাপাশি সব শিশুর হত্যার বিচার ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
মুহাড়াপাড়া মহল্লার বাসিন্দা ও হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদের ছেলে আবতাহী আল রশিদকে গত ১১ এপ্রিল সকালে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করেন প্রতিবেশী সামিউল। এক দিন পর ডিবি পুলিশ সামিউল বাড়ি থেকে রশিদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এ ঘটনায় সামিউল, তাঁর বাবা আমজাদ হোসেন ও মা লাকি বেগমের নামে মামলা করেন মামনুর রশীদ। গত বুধবার রাতে সামিউল ও আমজাদ হেসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। সামিউল পুলিশের কাছে মুক্তিপণ আদায়ের জন্য রশিদকে হত্যার কথা স্বীকার করেন।