হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদের খুনি ও হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে ভাদসা ইউনিয়নের দুর্গাদহ বাজারে মানববন্ধন ও এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
গতকাল বুধবার দুর্গাদহ বাজারের জয়পুরহাট-পাহাড়পুর সড়কের দুই পাশে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিহত আবুল কালাম আজাদের মামা আনোয়ারুল ইসলাম, আজাদের বড় ভাই মুকুল হোসেন, ছোট ভাই সরোয়ার আলম, ভাদসা ইউপির চেয়ারম্যান সামছুল আলম, জাতীয় আদিবাসী পরিষদের জয়পুরহাট জেলা কমিটির নেতা কমল চন্দ্র মিনজি, স্থানীয় মসজিদের ইমাম নুরুল আমিন, শহিদুল ইসলাম প্রমুখ।
গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ভাদসা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ আওয়ামী লীগের প্রার্থী হাতেম আলী মণ্ডলকে পরাজিত করে বিপুল ভোটে জয়লাভ করেন। গত ২৯ মে চেয়ারম্যান হিসেবে শপথ নেন। কিন্তু ক্ষমতা গ্রহণের আগেই তিনি খুন হন।
চেয়ারম্যান আজাদ ৪ জুন দুর্গাদহ বাজার থেকে রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে এক সহযোগীকে নিয়ে কোঁচকুঁড়ি গ্রামে বাড়িতে ফিরছিলেন। বাড়ির অদূরে কোঁচকুঁড়ি রাস্তায় ওত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেল আটকিয়ে কুপিয়ে ও গুলি করে তাঁকে গুরুতর আহত করে। চিকিৎসাধীন অবস্থায় আজাদ ১২ জুন ভোরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।