নরসিংদীর শিবপুর উপজেলায় মনোহরদীর শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র জিদান মিয়াকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় লোকজন, বিদ্যালয়ের শিক্ষক ও নিহত ব্যক্তির স্বজনেরা।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-মনোহরদী-কিশোরগঞ্জ মহাসড়কের নারান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। জিসান মনোহরদীর শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামের প্রবাসী মোস্তফা কামালের ছোট ছেলে।
৭ জুলাই ঈদের দিন শিবপুর উপজেলার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় গন্তব্য স্থানের আগেই বাস থেকে নামিয়ে দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে বাসচালকের সহকারী ও তাঁর সহযোগীরা গাছের ডাল দিয়ে পিটিয়ে জিসানকে আহত করেন। এ ঘটনায় ১০ জুলাই জিসানের মা শিবপুর মডেল থানায় মামলা করেন। গত বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জিসান মারা যায়।
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, মামলা দায়েরের এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ। এর ধারাবাহিকতায় তাঁরা গতকাল অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বিচার আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। মানববন্ধনে স্থানীয় লোকজনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শুকুন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফ উল ইসলাম মৃধা, শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
নিহত জিসানের বড় ভাই সেনাসদস্য ঝিনুক মিয়া বলেন, ‘যারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি, যাতে ভবিষ্যতে জিসানের মতো আর কাউকে অকালে ঝরে পড়তে না হয়।’
শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফ উল ইসলাম মৃধা বলেন, ‘জিসানের হত্যাকারীদের দ্রুত বিচার আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।’
শিবপুর মডেল থানার এসআই সৈয়দ মনজুর ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।