টাঙ্গাইলের সখীপুর উপজেলার পলাশতলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জামাল হোসেন ওরফে ঠাণ্ডু (৪২) হত্যার বিচারের দাবিতে সখীপুর উপজেলার বৈলারপুর বাজারে কাঁকড়াজান ইউনিয়নবাসীর উদ্যোগে সর্বদলীয় ঐক্যের ব্যানারে গতকাল শুক্রবার এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। সমাবেশ শেষে মিছিল নিয়ে কলেজের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যার প্রধান আসামি সাবেক সেনাসদস্য (বরখাস্ত) আবদুল মালেক ওরফে শুকুর গোবরচাকা গ্রামের বসতবাড়ি ও পোলট্রি খামারে ভাঙচুর ও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এদিকে জামাল হোসেনের স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই সখীপুর থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।সরেজমিনে ওই এলাকা ঘুরে ও পুলিশ সূত্রে জানা যায়, পলাশতলী কলেজের অধ্যক্ষ জামাল হোসেন হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার বেলা ১১টায় কাঁকড়াজান ইউনিয়নবাসী ও কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলার বৈলারপুর বাজারে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। আবদুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাঁকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক পান্না, সাবেক চেয়ারম্যান শাজাহান সাজু, শরীফ পাপ্পু, দুলাল হোসেন, হুমায়ুর কবির প্রমুখ।গোবরচাকা গ্রামের একাধিক ব্যক্তি জানান, মোটরসাইকেল চুরির দায়ে আবদুল মালেক সেনাসদস্য থেকে চাকরিচ্যুত হয়ে এলাকায় আদম ব্যবসা শুরু করেন। গত বৃহস্পতিবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে বেলা দুইটার দিকে বৈলারপুর গ্রামের তালুকদারের পুকুরপাড় এলাকায় এলে আসামিরা কলেজ অধ্যক্ষ জামাল হোসেনকে চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর ডান হাত ও দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যা করে।