পটুয়াখালীর গলাচিপা উপজেলার কবির গাজীকে গাছের ডালে ঝুলিয়ে পিটিয়ে হত্যাকারীদের বিচার ও প্রধান আসামি সাবেক পুলিশ সদস্য রুহুল আমিন গাজীকে গ্রেপ্তারের দাবিতে মিছিল-সমাবেশ হয়েছে।গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া বাজারে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচি পালন করেন শতাধিক এলাকাবাসী।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. কামিয়াব চৌধুরী বলেন, ‘কবির হত্যার প্রধান আসামি রুহুল গাজী পুলিশ কনস্টেবল ছিলেন। তাই আমরা আশঙ্কা করছি, প্রভাব খাটিয়ে আসামিরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে।’ওই দিন সমাবেশের পাশে বাঁশবাড়িয়া গ্রামে বটগাছের পাশে দুই ছেলে মনিরুল (৮) ও রবিউলকে (৬) জড়িয়ে ধরে কাঁদছিলেন কবির গাজীর স্ত্রী নূরুন্নাহার বেগম। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘ও মানুষ, আপনেরা আমার এই এতিম পোলা দুইডার মোহের দিকে চায়েন, আমার স্বামীরে যারা গাছে ঝুলাইয়া পিডাইয়া মারছে, আপনেরা হেগো বিচার করেন। আমি আমার স্বামীর খুনিগো ফাঁসি চাই।’প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গত মঙ্গলবার একটি মুঠোফোন চুরির অভিযোগ তুলে গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস গ্রামের কবির গাজীকে হাত-পা বেঁধে বটগাছে ঝুলিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে রুহুল গাজী ও তাঁর সঙ্গীরা। এ সময় শতাধিক লোক উপস্থিত থাকলেও তাঁরা কোনো প্রতিবাদ করেননি। মুঠোফোনটি পরে রুহুলের বাড়িতেই বন্ধ অবস্থায় পাওয়া যায়।নিহত কবিরের বাবা মো. হাফেজ গাজী বলেন, কবিরের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত তাঁর স্ত্রী নূরুন্নাহার কিছুই খায়নি। ও পাগলের মতো কখনো কবিরের কবরের কাছে, আবার কখনো যে বটগাছে তাঁকে ঝুলিয়ে পেটানো হয়েছে, সেখানে ছুটে যাচ্ছে আর বিলাপ করছে।’কবির হত্যার ঘটনায় ওই দিনই নূরুন্নাহার বাদী হয়ে রুহুল আমিন গাজীকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে গলাচিপা থানায় হত্যা মামলা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুহুলের ভাগনে কামাল হোসেন, ভাই কবির গাজীসহ চারজনকে গ্রেপ্তার করে। কিন্তু প্রধান আসামি রুহুল আমিন গাজী ও তাঁর ভাই ফারুক গাজীকে গতকাল শুক্রবার রাত পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এলাকাবাসীর ভাষ্যমতে, কবির ছিলেন সরল প্রকৃতির মানুষ। তিনি মুখে-মুখে কবিতা বানাতেন। গান বানিয়ে নিজেই সুর করে গাইতেন। এ ছাড়া তিনি বিভিন্ন পশুপাখির ডাক নকল করতে পারতেন। এ কারণে এলাকায় তিনি ‘হরবোলা কবির’ নামে পরিচিত ছিলেন। গান, কবিতা ও পশুপাখির ডাক শুনিয়ে লোকজনের কাছ থেকে যা পেতেন, তা দিয়েই সংসার চালাতেন কবির।কলাগাছিয়া ইউপির সাবেক সদস্য পূর্ব কল্যাণকলস রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক গাজী বলেন, ‘কবির চুরি করেছিল এমন কথা কেউই বিশ্বাস করবে না। আর এভাবে নির্যাতন করে একজন মানুষকে মেরে ফেলা হলো! আমরা এর বিচার চাই।’গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ‘কবির হত্যা মামলার আসামি মো. কামাল হোসেন বুধবার বিকেলে গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।’ কবির হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘প্রধান আসামি রুহুল আমিন গাজী ও তাঁর ভাই ফারুক গাজীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রুহুল আমিন গাজী পুলিশের সদস্য ছিলেন বলে মামলা থেকে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সতর্কতার সঙ্গে তদন্ত করছি।