বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, সাড়ে তিন দশক পরে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, চার দশক পরে যুদ্ধাপরাধীরা আজ বিচারের দোরগোড়ায়। পল্টনে হত্যাকারীদেরও একদিন বিচারের মুখোমুখি হতে হবে।রাজধানীর পল্টনে সিপিবির জনসভায় বোমা হামলার ১১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল শুক্রবার সিপিবির নেতারা এ কথা বলেন। সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, পল্টন হত্যাকাণ্ডের ১১ বছর পার হয়ে গেলেও এর তদন্তে ও বিচারে কোনো অগ্রগতি হয়নি। এই হত্যাকাণ্ডের পর যশোরে উদীচী এবং পরে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। কিন্তু কোনো হত্যার বিচার না হওয়ায় হত্যাকারীরা আরও উৎসাহিত হয়েছে।গতকাল বেলা ১১টায় পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ সময় শ্রদ্ধা নিবেদন করে।এদিকে, সিপিবির সমাবেশে বোমা হামলায় নিহত হিমাংশু, হাসেম, মজিদ, মোক্তার ও বিপ্রদাসের স্মরণে যুব ইউনিয়নের উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত মুক্তি ভবনের সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।