হত্যাকারীদের বিষয়ে সূত্র পায়নি ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার নয় দিন পার হলেও হত্যাকারীদের বিষয়ে সূত্র পাননি তদন্তকারীরা। এই হত্যায় সরাসরি জড়িত কাউকে গতকাল রোববার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবশ্য মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা দাবি করেছেন, তাঁরা কয়েকজনকে শনাক্ত করেছেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, এর মধ্যে এই মামলায় দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন কর্মকর্তারা। আট দিনের রিমান্ডে থাকা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ আল নাহিয়ান ও মাসুদ রানা জিজ্ঞাসাবাদে নীলাদ্রি হত্যায় জড়িত থাকতে পারে, এমন ছয় সদস্যের নাম বলেছেন। তবে ডিবি গতকাল পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। গ্রেপ্তার দুজনের মধ্যে নাহিয়ান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের (চুন্নু) ভাগনে। ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যাচেষ্টা মামলার আসামি নাহিয়ান জামিনে মুক্ত ছিলেন।
গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানের পর ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নীলাদ্রি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার সাদ আল নাহিয়ান ও মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যায় জড়িত থাকতে পারে, এমন কয়েকজনের নাম বলেছেন তাঁরা। এখন এসব নাম যাচাই করা হচ্ছে। ওই হত্যায় জড়িত ব্যক্তিরা আনসারুল্লাহর একটি গোপন দলের (স্লিপার সেলের) সদস্য বলে জানা গেছে।