হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকল বুধবার ঢাকা ও হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। পাঁচ বছর আগে গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের এই নেতার হত্যার যথাযথ তদন্ত এবং এতে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।দিবসটি পালন উপলক্ষে হবিগঞ্জের বৈদ্যেরবাজারে শোকসভা, রাজধানীতে কিবরিয়া স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। রমনা পার্কের ফটকে সমাবেশ ও শোক মিছিল করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। গতকাল সকালে রাজধানীর বনানী কবরস্থানে কিবরিয়ার সমাধিতে ফুল দেন তাঁর স্ত্রী চিত্রশিল্পী আসমা কিবরিয়াসহ পরিবারের সদস্যরা। কিবরিয়ার স্মরণে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন ও আওয়ামী ওলামা লীগ। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক রাজনৈতিক সভা শেষে ফেরার পথে সভাস্থলের কাছেই ভয়াবহ গ্রেনেড হামলায় প্রাণ হারান শাহ এ এম এস কিবরিয়া। ওই হামলায় নিহত হন আওয়ামী লীগের আরও তিনজন কর্মী। আহত হন আরও অনেকে। আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল কিবরিয়া হত্যাকাণ্ডের পঞ্চম বার্ষিকীতে গ্রেনেড হামলার ঘটনাস্থল বৈদ্যেরবাজারে এক স্মরণসভার আয়োজন করে জেলা যুবলীগ।সভায় বক্তারা কিবরিয়া হত্যা মামলার তদন্তে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত এবং এ মামলার তদন্ত দ্রুত শেষ করার দাবি জানান।হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে শোকসভায় বক্তারা আওয়ামী লীগের নেতা-কর্মীকে এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর বাবুল, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী, সরকারি কৌঁসুলি (পিপি) আকবর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক নিলাদ্রী শেখর পুরকায়স্থ প্রমুখ বক্তব্য দেন। সভার শুরুতে নেতারা গ্রেনেড হামলাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া গতকাল রাতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও অপর একটি শোকসভার আয়োজন করা হয়। কিবরিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে গতকাল জাতীয় জাদুঘরে স্মারক বক্তৃতার আয়োজন করে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় ‘দিনবদলের অঙ্গীকারের আলোকে বাংলাদেশের বিদেশনীতি’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মূল্যবোধে অবিচল থাকায় শাহ কিবরিয়া পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হলেন। আমি গভীরভাবে বিশ্বাস করি, কিবরিয়ার স্মৃতি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নিরন্তর প্রেরণা জোগাবে।’ কবীর চৌধুরী বলেন, দিনবদলের অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে সরকারকে সমান গুরুত্ব দিয়ে অনেকগুলো পদক্ষেপ একসঙ্গে নিতে হবে। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের মহাপরিচালক মোনায়েম সরকার বলেন, চারদলীয় জোট সরকারের নানা কারসাজিতে কিবরিয়া হত্যার তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছিল।