রাজবাড়ীতে কলেজছাত্র বিপুল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা অটোচালক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরের পাশে আমতলায় সবাই সমবেত হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন নিহত ছাত্রের বাবা জয়নাল হাওলাদার, মা হাসিনা বেগম, ফয়সাল আহমেদ, হারুন মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত ১০টার দিকে শহরের সজ্জনকান্দায় বাড়ির সামনে থেকে ছুরিকাঘাতে ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে বিপুল হাওলাদারকে হত্যা করা হয়। বিপুল রাজবাড়ী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সংসারের আয় ও পড়ালেখার খরচ জোগাতে তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন। হত্যাকাণ্ডের রাতেই নিহত ছাত্রের বাবা জয়নাল হাওলাদার বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেছেন।