হত্যাকারীদের সংগঠন সম্পর্কে এখনো অন্ধকারে তদন্তকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার ওয়াশিকুর রহমান হত্যায় কোন সংগঠন জড়িত, সে সম্পর্কে এখনো অন্ধকারে মামলাটির তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই হত্যা মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের একজন হত্যার প্রাথমিক পর্যায়ে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন। তবে তাঁদের সংগঠন ও নেতাদের সম্পর্কে বিশেষ কোনো তথ্য এখনো পায়নি ডিবি।
গত ৩০ মার্চ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের দক্ষিণ বেগুনবাড়ীতে ব্লগার ওয়াশিকুরকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে ধাওয়া করে স্থানীয় লোকজন এবং পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল নামের দুই তরুণকে ধরে ফেলে। পরে জানা যায়, এই দুজনের সহযোগী সাইফুল ইসলাম নামের আরেক তরুণ ২৪ মার্চ পিস্তলসহ যাত্রাবাড়ী থানার পুলিশের হাতে ধরা পড়েছিলেন। এই সাইফুলই হত্যার পরিকল্পনা পর্যায়ে জড়িত থাকার কথা স্বীকার করে ২০ এপ্রিল আদালতে জবানবন্দি দিয়েছেন।
এ মামলার তদন্ত তদারককারী কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সাইফুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও তাঁরা কোন সংগঠনের কর্মী, তাঁদের নেতা কে—এসব বিষয়ে এখনো তথ্য মেলেনি।
ডিবির সূত্র জানায়, যাত্রাবাড়ীর নয়ানগরের একটি ভাড়াবাড়িতে সাইফুলসহ পাঁচজন থাকতেন। বাকি চারজন হলেন আবু তাহের, আবরার, ঘটনাস্থল থেকে ধাওয়া করে গ্রেপ্তার করা আরিফুল ও জিকরুল্লাহ। এঁদের মধ্যে পলাতক আবু তাহের হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। আবরার পরিকল্পনা পর্যায়ে থাকলেও পরে বাকি চারজনকে ছেড়ে চলে যান। ওই বাসা ভাড়া করে দেওয়া থেকে শুরু করে তাঁদের খাবারসহ দৈনন্দিন বিষয়গুলো দেখাশোনা করতেন একজন ‘মাসুল’ বা তাঁদের ভাষায় দায়িত্বশীল। ওই ‘মাসুল’ তাঁদের কাছে নিজেকে ইকবাল নামে পরিচয় দিয়েছিলেন। এ ছাড়া বাসায় তাঁদের চাপাতি দিয়ে হত্যা এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দিতে আরেক ‘বড় ভাই’ প্রায় প্রতিদিন আসতেন। এই সাতজনই প্রশিক্ষণ, পরিকল্পনা ও হত্যাকাণ্ড বাস্তবায়নের বিভিন্ন পর্বে অংশ নেন।
সাইফুলের জবানবন্দি: ডিবি সূত্র জানায়, জবানবন্দিতে সাইফুল বলেছেন, নয়ানগরের বাসায় ২৩ মার্চ এক বৈঠকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা হয়। ওই বৈঠকে ‘মাসুল’ (ইকবাল), প্রশিক্ষক ‘বড় ভাই’, শরীফ, তাহের, আবরার, জিকরুল্লাহ, আরিফুল ও তিনি ছিলেন। ওয়াশিকুরের ফেসবুক স্ট্যাটাসের কারণে তাঁকে হত্যার কথা তুলেছিলেন ইকবাল। এ নিয়ে পল্লবীতে আরিফুলের বাসায়ও বৈঠক হয়। হত্যার মূল দায়িত্ব দেওয়া হয় তাহেরকে। বাকিরা তাঁকে সহায়তা করবেন।
জবানবন্দিতে সাইফুল বলেন, ২৪ মার্চ হত্যার সিদ্ধান্ত হয়। সেদিন সকালে তাঁকে (সাইফুল) একটি ব্যাগ দেন ইকবাল। ব্যাগটি তেজগাঁও সাত রাস্তায় আবরারের কাছে পৌঁছানোর নির্দেশ দেন। তিনি ব্যাগ নিয়ে সায়েদাবাদে গেলে পুলিশ আটকায়। তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে চাপাতি ও গুলিভর্তি পিস্তল উদ্ধার করে পুলিশ। তিনি গ্রেপ্তার হন।
ডিবির কর্মকর্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা কোন সংগঠনের সদস্য সে বিষয়ে নিশ্চিত হতে না পারলেও তাঁরা জেনেছেন, এঁদের কয়েকজন আগে জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তাঁরা আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান জসিমউদদীন রাহমানির আদর্শে অনুপ্রাণিত হন। বিভিন্ন সূত্রের খবর থেকে তাঁরা ধারণা করছেন, তাঁদের প্রশিক্ষকের নাম হাসিব ওরফে আবদুল্লাহ। বয়স আনুমানিক ৩০ বছর। এই হাসিব আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য বলে দাবি করেছেন ডিবির কর্মকর্তারা।