
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের সম্পর্কে ২৫ দিনেও কোনো তথ্য পায়নি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে মামলাটি তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ডিবির কর্মকর্তারা মনে করছেন, এ ঘটনায় প্রধান সন্দেহভাজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রেদোয়ানুল আজাদ রানাকে ধরতে পারলে রহস্য উদ্ঘাটিত হবে।
ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি রানাকে ধরিয়ে দিতে ১৫ মার্চ পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ডিবি।
অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া শফিউর রহমান ফারাবী তৃতীয় দফায় চার দিনের রিমান্ডে আছেন। অভিজিৎকে ফেসবুকে হুমকি দেওয়ায় তাঁর বিরুদ্ধে কয়েক দিন আগে রমনা থানায় তথ্যযোগাযোগ ও প্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ।
গতকাল রোববার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিএমপির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রানাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে সীমান্তে নির্দেশনা দেওয়া আছে।
বুয়েটের শিক্ষক ফারসীম মান্নানের বিষয়ে অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়ের সন্দেহ সম্পর্কে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করা হবে। দরকার হলে সেই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হবে।
অভিজিৎ হত্যার তদন্ত নিয়ে অসন্তোষ জানিয়ে আসছেন অজয় রায়।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, অভিজিৎ হত্যার সময় অনেক মানুষ সেখানে ছিলেন। তার পরও কেউ পরিষ্কার করে বলতে পারছে না, হত্যায় কতজন অংশ নিয়েছিল। তারা দেখতে কেমন, তা-ও কেউ জানাতে পারেনি। অনেক সময় স্থানীয়রা ঘটনার ছবি তুলে রাখে। এখানেও হয়তো বা কেউ ছবি তুলেছে। কিন্তু তা এখনো পুলিশ পায়নি। এ রকম কোনো ছবি যদি কেউ পুলিশকে দিত, তবে তদন্তে সহায়তা হতো। ছবি দেওয়া ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে। তিনি বলেন, পুলিশ বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত করছে এবং এফবিআইয়ের সহায়তাও নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের পরীক্ষাগার থেকে এখনো আসেনি। বাংলাদেশে অনেক সূত্রবিহীন (ক্লু-লেস) ঘটনাই ডিবি সফলভাবে তদন্ত করেছে, অভিজিৎ হত্যায় এখনো কিছু না পেলেও তিনি আশাবাদী।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, আনসারুল্লাহর রানার মতো আরও কিছু বিষয় সামনে রেখে তদন্ত চলছে। রিমান্ডে থাকা ফারাবী অভিজিৎকে হুমকি দেওয়ার কথা স্বীকার করলেও তাঁর কাছ থেকে হত্যাকারীদের বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে না।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। আহত করা হয় তাঁর স্ত্রী রাফিদা আহমেদকে।