হত্যাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার ব্যবসায়ী জিন্নাহ ভূঁইয়া খুনের ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত জিন্নাহর ছোট ভাই মুন্না ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত বুধবার রাতে ফুলতলা থানায় মামলাটি করেন। এদিকে ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন বণিক সমিতির নেতারা। জানা যায়, হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ফুলতলা বাজার বণিক সমিতি প্রতিবাদ কর্মসূচি পালন করে। সমিতির সদস্যরা সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ফুলতলা উপজেলা সদরের সব দোকান-পাট বন্ধ রাখে। মিছিল করে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বাস ধর্মঘটসহ কঠোর আন্দোলন কর্মসূচির কথা উল্লেখ করা হয়।ফুলতলা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মামলা করা হলেও এখনো হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।গত মঙ্গলবার রাতে ব্যবসায়ী ও ঠিকাদার জিন্নাহ ভূঁইয়াকে দামোদর গ্রামে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।