হত্যাকারীর দ্রুত বিচার চান রিসার বাবা-মা
বখাটে ওবায়দুল খান গ্রেপ্তার হওয়ায় খবর শুনে স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিসার মা-বাবা বলেছেন, এখন তাঁরা হত্যাকারীর দ্রুত বিচার চান।
রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিসা (১৪) হত্যার ঘটনায় বখাটে ওবায়দুলকে (২৯) আজ বুধবার সকালে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রিসার মা তানিয়া হোসেন ও বাবা রমজান হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা টেলিভিশনের ব্রেকিং নিউজ থেকে ওবায়দুল গ্রেপ্তার হওয়ার খবর জেনেছেন। তবে এ ব্যাপারে পুলিশ তাঁদের কিছু জানায়নি।
তানিয়া হোসেন বলেন, মেয়ে তো আর পাব না। এখন আসামির দ্রুত বিচার চান।
রমজান হোসেন বলেন, আসামি ধরা পড়েছে—এই খবর শুনে নিদারুণ কষ্টের মধ্যে একটু ভালো লাগছে। তিনিও তাঁর মেয়ে হত্যার দ্রুত বিচার দাবি করেছেন।
অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া গত বুধবার পরীক্ষা শেষে স্কুলের সামনের পদচারী-সেতু দিয়ে সড়কের ওপারে যাওয়ার সময় এক বখাটে তাকে ছুরিকাঘাত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সুরাইয়া মারা যায়। এ ঘটনায় তার মা তানিয়া হোসেন রমনা থানায় এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দরজির দোকানের কর্মী ওবায়দুলকে আসামি করে মামলা করেন।