হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনে মর্জিনা খাতুন নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তাঁর স্বামীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মামুন অর রশিদ। তিনি ঢাকা মহানগর পুলিশের কনস্টেবল পদে কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মর্জিনার পরিবার ও গঙ্গাপ্রসাদপুর এলাকার লোকজন গতকাল রোববার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে নিহত মর্জিনার বাড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে মানববন্ধন করেন। এ সময় হত্যাকারীর ফাঁসির দাবিতে বক্তব্য দেন নিহত মর্জিনার মা জামেলা বেগম, বাবা শুকুর আলী মণ্ডল, প্রতিবেশী আবদুর রশিদ মিয়া প্রমুখ।
পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে মর্জিনার সঙ্গে কালুখালী উপজেলার ঝাওগ্রামের মামুনের বিয়ে হয়। গত ১ মার্চ মর্জিনাকে মুঠোফোনে দৌলতদিয়া রেলস্টেশনে ডেকে নেন মামুন। দৌলতদিয়া রেলস্টেশনে এলে তাঁরা নকশীকাঁথা মেইল ট্রেনে ওঠেন। এ সময় মর্জিনাকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারের পর গত ২১ জুন মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।