হত্যাচেষ্টা মামলা হত্যা মামলায় পরিণত, সম্পূরক অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুমাত্রিক লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদের হত্যার ঘটনায় সিআইডি হত্যা ও বিস্ফোরকদ্রব্য মামলায় সম্পূরক অভিযোগপত্র দিয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সিআইডির পুলিশ পরিদর্শক লুৎফর রহমান অধিকতর তদন্ত শেষে এ সম্পূরক অভিযোগপত্র দেন। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সম্পূরক অভিযোগপত্রসহ মামলার নথি মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে দেন। সম্পূরক অভিযোগপত্রে ৩২০ ধারা যুক্ত হওয়ায় হত্যাচেষ্টার মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হলো। এর আগে হুমায়ুন আজাদকে হত্যাচেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগপত্র দেয় পুলিশ। তা প্রত্যাখ্যান করেন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির। তাতে বলা হয়, হুমায়ুন আজাদ সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর ১৩ মার্চ তাঁর জবানবন্দিতে বলেছিলেন, পাক সার জমিন সাদ বাদ বইটি প্রকাশের পর ২০০৩ সালের ২৩ নভেম্বর জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী সংসদে বইটির সমালোচনা করেন, কিন্তু তদন্ত কর্মকর্তা ওই সব ব্যক্তির বিষয়ে তদন্ত করেননি। অপরাধী চক্র একটি বৃত্তি দিয়ে হুমায়ুন আজাদকে জার্মানিতে নিয়ে যায়। সেখানে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। শুনানি শেষে ২০১০ সালের ২০ অক্টোবর হত্যাচেষ্টা মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। আদালতে দেওয়া সম্পূরক অভিযোগপত্রে নতুন আরও দুজনকে আসামি করা হয়েছে। হুমায়ুন আজাদকে হত্যার অভিযোগে ৩০২ ধারায় সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, অধিকতর তদন্তে আসামি মিজানুর রহমান ওরফে মিনহাজ, নূর মোহাম্মদ ওরফে শামীম ওরফে সাফু ও আনোয়ার আলম এবং নতুন আসামি যথাক্রমে জঙ্গিনেতা সালেহীন ওরফে সালাউদ্দিন ও হাফিজ মাহমুদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় মামলায় ৩০২ ধারায় অভিযোগপত্র সংযুক্ত করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। হাকিম আদালত থেকে হত্যাচেষ্টার মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযুক্ত হওয়ায় তা বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হবে বলে সূত্র জানায়।