হত্যাচেষ্টা মামলায় আসামি কুদ্দুসের জামিন নামঞ্জুর, পুলিশে সোপর্দ
এক ব্যবসায়ী হত্যাচেষ্টার অভিযোগে চট্টগ্রামে করা এক মামলার আসামি আবদুল কুদ্দুস কসাই ওরফে কানা কুদ্দুসের জামিন নামঞ্জুর করে পুলিশে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার তাঁর জামিন নামঞ্জুর করে পুলিশে সোপর্দ করার নির্দেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, একটি হত্যাচেষ্টা মামলায় সন্ত্রাসী আবদুল কুদ্দুস হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চান। আদালত জামিন না দিয়ে তাঁকে পুলিশে সোপর্দের নির্দেশ দেন। তবে আসামিকে মাফ করে ছেড়ে দিতে বলা হয়েছে বলে পুলিশকে জানান আইনজীবী আবদুল বাসেত মজুমদার। এটি নজরে আসার পর তাঁকে ডেকে আনা হয়।
মনিরুজ্জামান কবীর বলেন, বাসেত মজুমদার উপস্থিত হওয়ার পর আদালত ভর্ৎসনা করে দ্রুত আসামিকে পুলিশের জিম্মায় দিতে তাঁকে নির্দেশ দেন। তাৎক্ষণিক এজলাস কক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন এসে ওই আইনজীবীর পক্ষে ক্ষমা প্রার্থনা করেন। আসামিকে হাজির করার প্রতিশ্রুতিও দেন তাঁরা। মামলায় নিয়োজিত জুনিয়র আইনজীবী রেজাউল করিম একপর্যায়ে আদালতে হাজির হন। আসামিকে না পাওয়া গেলে তাঁকে (রেজাউলকে) কারাগারে পাঠানো হবে বলেন আদালত। পরে আসামিকে হাজির করা হয় ও পুলিশে তুলে দেওয়া হয়। আসামিকে হাজির করার পর আইনজীবীরা আদালত থেকে বের হওয়ার অনুমতি পান।
আইনজীবী আবদুল বাসেত মজুমদার প্রথম আলোকে বলেন, ‘একটি জামিন আবেদন নিয়ে গিয়েছিলাম। আদালতকে বললাম তাকে হাজতে দিয়েন না, সামনে ঈদ। আদালত বললেন, না, নিতে হবে। এরপর আদালত কী বললেন তা ভালোভাবে বুঝতে পারিনি। এরপর মক্কেল বের হয়েছে, আমিও বের হই। পরে আদালত উনাকে (পুলিশ) বলেন আসামি কই, তিনি জানান ছেড়ে দিয়েছে। তখন আদালত আমাকে ডাকেন। মক্কেল (আসামি) কই? আমি বলি, মামলাটি ছিল এক জুনিয়রের। পরে জুনিয়রকে বলি মক্কেলকে (আসামি) এনে দিতে। পরে মক্কেলকে আনা হয়। এরপর তাঁকে (আসামি) পুলিশে সোপর্দ করা হয়। আমার জোর করে মক্কেল ছেড়ে দেওয়ার কথা বলার দরকার কী?’
আইনজীবী সূত্র বলেছে, আবদুল কুদ্দুস চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ১০ এপ্রিল বায়েজিদ বোস্তামি এলাকার ব্যবসায়ী নাজিমুদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ওই ঘটনায় গত ১২ এপ্রিল বায়েজিদ বোস্তামি থানায় কুদ্দুসহ ২৮ জনকে আসামি করে মামলা হয়। এ মামলায় হাইকোর্টে আগাম জামিন নিতে হাজির হন কুদ্দুস।