হত্যাচেষ্টা মামলায় খাদিজার সাক্ষ্য ৮ জানুয়ারি
হত্যাচেষ্টা মামলায় খাদিজা বেগমকে আগামী ৮ জানুয়ারি আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলেছেন বিচারক। গতকাল বৃহস্পতিবার খাদিজার চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ শেষে মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এক আদেশে খাদিজাকে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গতকাল সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে স্কয়ার হাসপাতালের নিউরোলজি সার্জন রেজাউস সাত্তার সাক্ষ্য দিয়েছেন। চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ শেষে সরকারপক্ষের আইনজীবী খাদিজার সাক্ষ্য দিতে সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে ৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম একজন সাক্ষী খাদিজা। গতকাল তাঁর সাক্ষ্য দেওয়ার তারিখ থাকলেও চিকিৎসাজনিত কারণে আসতে না পারার বিষয়টি লিখিতভাবে আদালতকে জানিয়ে সময় প্রার্থনা করা হলে আদালত ৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
এপিপি বলেন, খাদিজা বর্তমানে সাভারে সিআরপিতে আছেন। সেখানকার ভর্তি হওয়ার কাগজপত্র আদালতে দাখিল করা হয়েছে।
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষাকেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর আহত করেন বদরুল। ঘটনার পরপরই লোকজন ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেন। পরদিন ৪ অক্টোবর এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরান থানায় হত্যাচেষ্টার অভিযোগে বদরুলকে আসামি করে মামলা করেন।
বদরুলের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মনিজ্ঞাতি গ্রামে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শেষ বর্ষের শিক্ষার্থী (অনিয়মিত) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন তিনি।