হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন পিন্টু
বিএনপির নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুকে ঢাকার হাজারীবাগে দলীয় কর্মীকে হত্যাচেষ্টা মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম ফারহানা ফেরদৌস এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী কবির হোসেন গতকাল আদালতে হাজির হয়ে বলেন, তিনি আর মামলাটি চালাতে চান না। আসামিকে খালাস বা অব্যাহতি দিলে তাঁর কোনো আপত্তি নেই। শুনানি শেষে আদালত মামলার দায় থেকে পিন্টুকে খালাসের আদেশ দেন। মামলার বিবরণে বলা হয়, বাদী কবির উদ্দিনকে ২০০৬ সালের ২৬ জুন পিন্টুর লোকজন মনেশ্বর রোডের বাসা থেকে ধরে এনে মারধর করে এবং হত্যার চেষ্টা চালায়। কবির হোসেন সুস্থ হওয়ার পর পরের বছর ২৫ জানুয়ারি আদালতে নালিশি মামলা করেন। এরপর আদালতের নির্দেশে হাজারীবাগ থানা পুলিশ ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি এ ব্যাপারে নিয়মিত মামলা নেন। এর দুই দিন পর পিন্টু আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তা নামঞ্জুর করে পিন্টুকে কারাগারে পাঠান। পরে এ মামলায় জামিনে মুক্তি পান পিন্টু। এরপর ২০০৯ সালের ২ জুন বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেপ্তার হন। এখনো তিনি কারাগারে আছেন।