হত্যাচেষ্টা মামলায় বদরুলের যাবজ্জীবন, রায়ে খুশি খাদিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায় ঘোষণার পর খাদিজা
রায় ঘোষণার পর খাদিজা

সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম হত্যাচেষ্টা মামলায় একমাত্র আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা বদরুল আলমকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

হামলার পাঁচ মাস পাঁচ দিন পর গতকাল বুধবার আন্তর্জাতিক নারী দিবসে এ রায় দেন সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা। গত বছরের ৩ অক্টোবর খাদিজা ডিগ্রি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সিলেটের এমসি কলেজের পুকুরপাড়ে বদরুলের অতর্কিত চাপাতি হামলার শিকার হন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন খাদিজা ও তাঁর পরিবারের সদস্যরা।

১১ কার্যদিবসে এ মামলার রায় ঘোষণা হলো। সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে নয় কার্যদিবস সাক্ষ্য গ্রহণ হয়। পরে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর হয়। সেখানে যুক্তিতর্কের পর দ্বিতীয় কার্যদিবসে গতকাল রায় ঘোষণা করা হয়।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, খাদিজা অলৌকিকভাবে বেঁচে যাওয়া কিংবদন্তি নারী। মৃত্যুর কাছে হার না মানা খাদিজা বিজয়িনী, প্রতিবাদকারী। বিচারক বলেন, ‘আমার বিশ্বাস, আসামির ওপর সর্বোচ্চ শাস্তি আরোপের মাধ্যমে প্রেমে প্রত্যাখ্যাত হাজার হাজার বদরুল ভবিষ্যতে এমন কাণ্ড থেকে বিরত থাকবে এবং আমাদের নারীসমাজ সুরক্ষিত হবে।’

রায় ঘোষণার সময় কাঠগড়ায় বদরুলকে নির্বিকার দেখা গেছে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছাড়াও খাদিজা ও আসামি বদরুলের পক্ষের আইনজীবী, মামলার বাদী খাদিজার চাচা আবদুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

রায়ের প্রতিক্রিয়ায় সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ বলেন, ‘সর্বোচ্চ সাজা চেয়েছিলাম, তা পেয়েছি। তাই আমরা সন্তুষ্ট। নারী দিবসে এ রায় ঐতিহাসিক।’

কলেজছাত্রী খাদিজাকে হত্যাচেষ্টার মামলার রায় হওয়ার পর সিলেট মহানগর দায়রা জজ আদালত থেকে কারাগারে নেওয়া হয় যাবজ্জীবন দণ্ডিত বদরুলকে l প্রথম আলো
কলেজছাত্রী খাদিজাকে হত্যাচেষ্টার মামলার রায় হওয়ার পর সিলেট মহানগর দায়রা জজ আদালত থেকে কারাগারে নেওয়া হয় যাবজ্জীবন দণ্ডিত বদরুলকে l প্রথম আলো

মহানগর দায়রা জজ আদালতের বিশেষ পিপি মফুর আলীও বদরুলের সর্বোচ্চ সাজা হওয়ায় সন্তুষ্ট বলে জানান। আদালতপাড়ায় উপস্থিত অসংখ্য সাধারণ মানুষও এ রায়ে খুশি বলে জানান। তবে আসামিপক্ষের আইনজীবী সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। তাই উচ্চ আদালতে আপিল করা হবে।’
মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে খাদিজাসহ ৩৪ জন সাক্ষ্য দেন। বিচারক বলেন, আন্তর্জাতিক নারী দিবসে আসামি বদরুলের যথোপযুক্ত শাস্তি নারীদের সুরক্ষায় তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

খুশি খাদিজা ও পরিবার
রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন খাদিজা বেগম। বেলা আড়াইটার দিকে সিলেট সদর উপজেলার হাউসা গ্রামে গিয়ে দেখা যায়, মানুষ খুশি মনে খাদিজাদের বাড়িতে আসা-যাওয়া করছে। সাংবাদিকেরা বাড়িতে গেলে খাদিজা বলেন, ‘আদালতের প্রতি আমার কৃতজ্ঞতা। এই রায়ে আমি সন্তুষ্ট। দেশের মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আবার লেখাপড়া করতে চাই। লেখাপড়া করে আমার স্বপ্নপূরণ করতে চাই। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

মামলার বাদী আবদুল কুদ্দুস বলেন, খাদিজার বাবা মাসুক মিয়া সৌদি আরব ও বড় ভাই শাহিন আহমদ চীনে রয়েছেন। তাঁদের রায় জানানো হয়েছে এবং তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের চাওয়া এখন একটিই, এ রায় যেন উচ্চ আদালতে বহাল থাকে।’

‘আমার কিছু হবে না’

রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে তোলার আগে বদরুল বলেন, ‘এখানেই শেষ নয়, আমার কিছুই হবে না।’ পুলিশ দ্রুত তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মনিরজ্ঞাতি গ্রামে।

বদরুলের হামলায় গুরুতর আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে ভর্তি করা হয় সাভারে সিআরপিতে। দীর্ঘ চিকিৎসা শেষে গত ২৪ ফেব্রুয়ারি খাদিজা বাড়ি ফেরেন।

খাদিজার ওপর হামলার পরপরই বদরুলকে জনতা ধরে পুলিশে দেয়। হামলার ঘটনায় ৪ অক্টোবর শাহপরান থানায় বদরুলের বিরুদ্ধে মামলা হয়। ৫ অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ৮ নভেম্বর এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হয়।