হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের ১৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে হত্যাচেষ্টার অভিযোগে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানাকে এজাহার নেওয়ার নির্দেশ দিয়েছেন।

গত বুধবার বিকেলে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান ফাহিম মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। গত ২৭ মে রাতে পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় ফাহিম আহত হন। দীর্ঘদিন তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে এসে তিনি মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম, রক্তিম, কনক, মো. জিতু, মেহেদী হাসান, সালমান, মুসা ও রাহুল, তৃতীয় বর্ষের মুন্না হাওলাদার, মো. বেল্লাল ও ফয়সাল হোসেন, নগরের করিম কুটি এলাকার যুবলীগ কর্মী মো. মেহেদী, জাহিদ, মো. রাকিব ও মো. রাজিব। তাঁদের মধ্যে মো. মেহেদী, জাহিদ ও সাইদুল মামলার আসামি হিসেবে কারাগারে আছেন।

মামলার আরজি সূত্রে জানা যায়, ২৭ মে রাতে মোটরসাইকেলযোগে আসাদুজ্জামান ফাহিম, রেজাউল করিমসহ কয়েকজন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ফটক পার হচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনের নেতৃত্বে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। তাঁরা রেজাউল করিম ও আসাদুজ্জামানকে এলোপাতাড়ি কোপান। এ ঘটনায় রেজাউল করিম নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় আসাদুজ্জামনকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ ব্যাপারে জসিম উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা রেজাউল করিম হত্যার সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও তাঁকে আসামি করা হয়েছিল। পরে বাদী নাম প্রত্যাহার করে নিয়েছেন। এখন আবার হত্যাচেষ্টা মামলা। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, ‘মহানগর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, এমন তথ্য আমাদের কাছে নেই। আদালত নির্দেশনা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’