হত্যাচেষ্টার অভিযোগে নাটোর পৌর প্যানেল মেয়রের সংবাদ সম্মেলন
নাটোর পৌরসভা কার্যালয়ে সশস্ত্র হামলায় হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে তিনি সংবাদ সম্মেলন করেন। পরে প্যানেল মেয়র তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাটোর পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমান বলেন, বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এলাকার একজন বিধবা নারীকে হয়রানির ঘটনা নিয়ে বৈঠক করছিলেন। এমন সময় ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নান্নু শেখ সন্ত্রাসীদের নিয়ে তাঁর কার্যালয়ে হামলা করেন। তাঁরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁরা চলে যান। ঘটনাটি তিনি পৌরসভায় বসে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেন। কিন্তু কাউন্সিলর নান্নু শেখ ওই দিন সন্ধ্যায় ষড়যন্ত্র করে উল্টো তাঁর বিরুদ্ধেই সদর থানায় লিখিত অভিযোগ জমা দেন। এ ছাড়া তিনি (নান্নু শেখ) সাধারণ মানুষকে ত্রাণ দেওয়ার কথা বলে মাদ্রাসা মোড়ে দাঁড় করিয়ে তাঁর বিরুদ্ধে মানববন্ধন করান। মানববন্ধন চলাকালে তিনি তাঁর (আরিফুর) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেন।
আরিফুর রহমান আরও বলেন, এক নারীর জমি বিক্রি করায় কাউন্সিলর নান্নু শেখ তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনার তিনি (আরিফুর) প্রতিবাদ করেন ও চাঁদা দাবির বিরুদ্ধে অবস্থান নেন। এতে নান্নু শেখ ক্ষুব্ধ হয়ে তাঁর (আরিফুর) বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন। ভুক্তভোগীদের মধ্যে আনোয়ার হোসেন ও সৈয়দ রাকিবুল রহমান জানিয়েছেন, তাঁরাও নান্নু শেখের নির্যাতনের শিকার হয়েছেন।
সংবাদ সম্মেলন শেষে আরিফুর রহমান ও তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে শহরের কানাইখালীতে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে তাঁরা বক্তব্য দেন। বক্তারা প্যানেল মেয়র আরিফুর রহমানের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।
প্যানেল মেয়র আরিফুর রহমানের সব অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর নান্নু শেখ বলেন, ‘ভূতের মুখে রাম নাম। প্যানেল মেয়রের বিরুদ্ধে থানায় জমা দেওয়া অভিযোগ সম্পূর্ণ সত্য। পৌরসভার অন্য কাউন্সিলররা এ ঘটনার সাক্ষী। তাই অভিযোগ প্রত্যাহারের প্রশ্নই ওঠে না।’
কাউন্সিলর নান্নু শেখ বুধবার বিকেলে সদর থানায় প্যানেল মেয়র আরিফুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। নাটোর থানা-পুলিশ অভিযোগটি তদন্ত করছে।