হত্যাচেষ্টার অভিযোগে মেয়র মন্জুরের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে নগরের ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মীর ইফতেখার উদ্দিন নামের এক ব্যবসায়ী। তিনি পোশাকশিল্প প্রতিষ্ঠানের মালিক। গত শনিবার দিবাগত গভীর রাতে মীর ইফতেখার উদ্দিনকে হত্যার জন্য মেয়র ও অন্যরা তাঁর বাসায় তিনজন সন্ত্রাসীকে পাঠান বলে জিডিতে অভিযোগ করা হয়। গত রোববার রাতে ইফতেখার তাঁকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ এনে জিডি করেন। অভিযোগে বলা হয়, তিন যুবক ইফতেখারের আগ্রাবাদের বারিক বিল্ডিংসংলগ্ন বাসার দরজায় ধাক্কা দেয়। তাদের মধ্যে দুজনের পরনে পুলিশের খাকি পোশাক ছিল। তাদের ছবি ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় ধারণ করা আছে। তবে পুলিশ কর্মকর্তারা বলেছেন, ইফতেখার উদ্দিনের বাসায় কোনো পুলিশ সদস্য যায়নি। জিডিতে মন্জুর আলম ছাড়াও তাঁর বড় ভাই আবু তাহেরসহ আরও নয়জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। জিডিতে তিন ব্যক্তি তাঁকে হত্যার উদ্দেশে আসে বলে অভিযোগ করা হয়।এর আগে ২০১১ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে অর্থ আত্মসাৎ এবং হয়রানির অভিযোগে এনে মেয়রসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন মীর ইফতেখার উদ্দিন। মামলাটি তদন্তাধীন।জিডিতে উল্লেখ করা হয়, ‘মামলাটি প্রত্যাহারের জন্য ইতিমধ্যে আমাকে জিডিতে উল্লিখিত ব্যক্তিরা হুমকি-ধমকি দিয়ে আসছে। এ কারণে এর আগে গত ১৯ নভেম্বর আমি থানায় অপর একটি জিডি করেছিলাম। তাই এখন ওই মামলার সঙ্গে সংশ্লিষ্টরা ভাড়াটে খুনি পাঠিয়ে আমাকে ও পরিবারের জীবননাশের ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে মনে হচ্ছে। এ অবস্থায় আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তা চাই।’ মীর ইফতেখার উদ্দিন বলেন, ‘রাত ১২টা ১০ মিনিটে মুখোশধারী তিনজন লোক আমার বাসার সদর দরজায় গিয়ে আমাকে খোঁজাখুঁজি করে। তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। দরজা না খুললে তারা আমার ঘরের দরজার তালা ভাঙার চেষ্টা করে। পরে আমার ভাই ইকরাম উদ্দিন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করেন কোনো পুলিশ পাঠানো হয়েছে কি না, জানতে চান। ফোনালাপের মধ্যেই ওই তিন ব্যক্তি দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’ মেয়র মন্জুর আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘তওবা তওবা। এটা ডাহা মিথ্যা। সে (ইফতেখার) আমাদের ১৪-১৫ লাখ টাকা ভাড়া দিচ্ছে না। আরও আমাদের বিরুদ্ধে মামলা করেছে। এখন জিডি করছে। আমরা তাকে ঘর ছেড়ে দিতে বললেও ছাড়েনি। পরে ঘর ফেরত চেয়ে আদালতে একটি মামলা করেছি।’মীর ইফতেখার উদ্দিন এস এ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। নগরের দেওয়ানহাটে মেয়রের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকানাধীন গোল্ডেন স্টার ভবনের তৃতীয় তলা ভাড়া নিয়ে ওই প্রতিষ্ঠানের কারখানাটি স্থাপন করা হয়। এই কারখানার ভাড়াসহ বিভিন্ন বিষয় নিয়েই মূলত মেয়রের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান তাহের গ্রুপের সঙ্গে ইফতেখার উদ্দিনের বিরোধের সূত্রপাত হয়। পুলিশ সূত্র জানায়, বাড়িতে লাগানো সিসি ক্যামেরায় ধারণ করা ছবিতে তিন ব্যক্তিকে বাসার আঙ্গিনায় সোয়া একটা পর্যন্ত ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাদের মধ্যে একজনের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল। জিডির বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আমি ভিডিও ফুটেজ দেখেছি। লোক তিনজনের গতিবিধি সন্দেহজনক।’ মেয়র ও তাঁর ভাই ছাড়া ডায়েরিতে উল্লিখিত আরও আটজন হলেন: আবু তাহেরের ছেলে দিদারুল আলম ও শাহিন আলম, মেয়রের ছেলে নিজামুল আলম, সরওয়ার আলম ও ফারুক আজম, মেয়রের ব্যবসায়িক প্রতিষ্ঠান তাহের গ্রুপের হিসাব কর্মকর্তা সোহেল আমিন, নির্বাহী কর্মকর্তা এস এম আসাদুজ্জামান ও মেয়রের নিকটাত্মীয় জাফর আহম্মদ।