ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনের ওপর হামলার ৯০ ঘণ্টা পর ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২২ জনকে আসামি করে মামলা হয়েছে।হামলাকারীদের গুলিতে আহত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা সম্পাদক শাওন সরকার বাদী হয়ে গতকাল সোমবার বিকেলে মতিহার থানায় মামলাটি দায়ের করেন। এতে পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, এজাহারে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলম ও সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহইয়াসহ ২২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।এজাহারে বলা হয়েছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী শিবিরের কর্মীরা মোটরসাইকেলে করে চায়নিজ কুড়াল, ছুরি, রামদাসহ নানা অস্ত্রে সজ্জিত হয়ে এসে প্রথমে হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তৌহিদের মাথায় জখম করে এবং তাঁর ডান হাত ও ডান পায়ের রগ কেটে দেয়।জানতে চাইলে মামলার বাদী শাওন সরকার প্রথম আলোকে বলেন, তৌহিদ হামলাকারীদের চিনতে পেরেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে তিনি জানান।এসআই মতিউর রহমান জানান, এজাহারে উল্লিখিত আসামিদের মধ্যে মেহেরচণ্ডী এলাকার শিবিরের কর্মী মো. মিলনকে আটক করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতর্কিত হামলা চালিয়ে তৌহিদের হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। আর হাতে গুলিবিদ্ধ হন শাওন সরকার। তৌহিদ বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক ওয়ালিদ আহমেদ জানান, তৌহিদের চেতনা ফিরে এলেও খুব বেশি কথা বলতে পারছেন না। বেশির ভাগ সময় ঘুমিয়ে থাকছেন। হাত ও পায়ের জখম মারাত্মক হওয়ায় তিনি সুস্থ হয়ে উঠলেও তাঁর স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। তৌহিদের মা ও বাবা হাসপাতালে সন্তানের পাশে রয়েছেন।তৌহিদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ছাত্রসংগ্রাম পরিষদের ব্যানারে এ বিক্ষোভে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য সাইদুল ইসলাম।