হত্যাচেষ্টার মামলায় খাদিজার সাক্ষ্য গ্রহণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম হত্যাচেষ্টা মামলায় খাদিজার সাক্ষ্য গ্রহণ আজ রোববার। পরিবারের পক্ষ থেকে তাঁর সাক্ষ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, গত বছরের ৩ অক্টোবর খাদিজার ওপর হামলার ঘটনায় তাঁর চাচা আবদুল কুদ্দুছ বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে একমাত্র বদরুল আলমকে আসামি করে মামলা করেন। ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু হয়। ৫, ১১ ও ১৫ ডিসেম্বর তিন কার্য দিবসে ৩৩ জন সাক্ষীর মধ্যে ৩২ জন সাক্ষ্য দেন। এর মধ্যে খাদিজা গুরুত্বপূর্ণ সাক্ষী হওয়ায় আদালত তাঁর সাক্ষ্য গ্রহণের জন্য দুই দফা তারিখ বর্ধিত করেছেন। আজ খাদিজা সাক্ষ্য দেওয়ার পর মামলার যুক্তিতর্কের তারিখ নির্ধারণ হবে।
সাভারে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) প্রায় তিন মাসের চিকিৎসা শেষে গত শুক্রবার সিলেটে নিজ বাড়িতে ফিরেছেন খাদিজা। সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা গত বছরের ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষাকেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হন। তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলম। ঘটনার পর জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেয়। খাদিজাকে কোপানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশে-বিদেশে তোলপাড় শুরু হয়।
সংকটাপন্ন অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর খাদিজার অবস্থার উন্নতি হলে গত ২৮ নভেম্বর তাঁকে সিআরপিতে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার সিআরপি কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানিয়েছে, খাদিজা এখন প্রায় সুস্থ। পরের দিন শুক্রবার বাড়ি ফেরেন। এর আগে ১ ফেব্রুয়ারি এক সপ্তাহের জন্য বাড়ি ফিরেছিলেন খাদিজা।