হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে আবদুস সালাম খান (৫৫) হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন ঝালকাঠি সদর উপজেলার মকরমপুর গ্রামের আবদুল গণি হাওলাদারের তিন ছেলে আলমগীর হোসেন হাওলাদার (৩৮), কালাম হাওলাদার (৩৫) ও মিরন হাওলাদার (৩২)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আবদুল গণি হাওলাদার ও তাঁর দুই ছেলে জলিল হাওলাদার ও মিলন হাওলাদারকে খালাস দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, মকরমপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবদুস সালাম বিদেশ থেকে দেশে ফিরে লেবু চাষ শুরু করেন। প্রতিবেশী আবদুল গণি হাওলাদারের ছেলেরা প্রায়ই তাঁর বাগান থেকে লেবু চুরি করতেন। ২০০৯ সালের ১৬ জুন বিকেলে লেবু চুরির ব্যাপারে জানতে চাইলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে আবদুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাইয়ের ছেলে মো. শিপন বাদী হয়ে আবদুল গণি হাওলাদার ও তাঁর পাঁচ ছেলের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
মামলার বাদী মো. শিপন বলেন, ‘আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। রায়ে যাঁদের খালাস দেওয়া হয়েছে, তাঁরাও আমার চাচাকে মারধর করেছেন। আমি উচ্চ আদালতে সাজা বাড়ানোর জন্য আপিল করব।’
খালাস পাওয়া আসামি আবদুল গণি হাওলাদার বলেন, ‘আমার ছেলেরা নির্দোষ। আদালতে রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’
মামলা পরিচালনায় আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুর রশিদ সিকদার আর বাদীপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল।