একটি রাষ্ট্র তাদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য ১৯৪৫ সালে যেভাবে জাপানে নিরীহ জনগণকে হত্যা করেছে, তাতে আজও বিশ্ববাসী হতবাক। বিশ্বের শক্তিশালী দেশগুলোর এ ধরনের হত্যাযজ্ঞ আজও থামেনি, যার প্রমাণ গত কয়েক দিনে গাজায় নিরীহ জনগণের ওপর ইসরায়েলি হামলা।
হিরোশিমা দিবস-২০১৪ উপলক্ষে গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ফিজিশিয়ানস ফর সোশ্যাল রেসপনসিবিলিটি (পিএসআর), গ্রিন বয়েস ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডিবেট অ্যান্ড কুইজ সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এক শান্তি সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাপানি দুতাবাসের ফাস্ট সেক্রেটারি রিওজি স্যুগে প্রমুখ।
হিরোশিমা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ শান্তি পরিষদ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাফ্ফর হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। বিজ্ঞপ্তি।