মানবতাবিরোধী অপরাধের বিচার: একমাত্র জীবিত দেলোয়ারের সাক্ষ্য
হত্যাযজ্ঞ তদারক করেন মুঈন, আশরাফ

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী দেলোয়ার হোসেন (৭০)। একাত্তরের ১৪ ডিসেম্বর দিবাগত গভীর রাতে ওই হত্যাযজ্ঞ থেকে জীবন নিয়ে পালিয়ে আসা একমাত্র ব্যক্তি তিনি।রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী হিসেবে জবানবন্দিতে দেলোয়ার বলেছেন, মুঈনুদ্দীন ও আশরাফ প্রত্যক্ষভাবে ওই হত্যাযজ্ঞ তদারক করেন এবং ‘কিলিং মিশনে’ নেতৃত্ব দেন।জবানবন্দিতে দেলোয়ার বুদ্ধিজীবীদের নির্যাতন ও হত্যার মর্মস্পর্শী বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরে তিনি ঢাকার শান্তিবাগে নিজেদের বাড়িতে থাকতেন এবং গ্রিনল্যান্ড মার্কেন্টাইল কোম্পানিতে প্রধান হিসাবরক্ষক ছিলেন। ওই সময় কোম্পানির একজন অবাঙালি পরিচালক ছিলেন পাকিস্তান বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। মার্চের শুরুর দিকে ওই ব্যক্তি বঙ্গবন্ধুর অযৌক্তিক সমালোচনা করায় তাঁর সঙ্গে তর্ক হয়েছিল। সেদিন তিনি অনুমান করেন, ওই পরিচালক তাঁর নাম একটি বইয়ে লিখে রাখেন।
দেলোয়ার বলেন, মুক্তিযুদ্ধকালে একাত্তরের ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে খাকি পোশাকের ছয়জন অস্ত্রধারী, দুজন সাধারণ পোশাকের লোক দরজা ভেঙে তাঁর বাড়িতে ঢোকে। সাধারণ পোশাকে থাকা দুজন তাঁর দুই বাহু ধরে তাঁকে বাইরে এনে এক পাকিস্তানি সেনার কাছে তুলে দেয়। ওই দুজন পরস্পরকে মুঈনুদ্দীন ভাই ও আশরাফুজ্জামান ভাই সম্বোধন করেছিলেন। পরে তাঁকে শান্তিবাগের দিকে পাবনা সমিতির কার্যালয়ের সামনে থাকা একটি মাইক্রোবাসে তোলা হয়। তিনি দেখেন, মাইক্রোবাসে চোখ-হাত বাঁধা কয়েকজন রয়েছেন। তাঁর গায়ের শার্ট খুলে তা দিয়ে তাঁর চোখ ও দড়ি দিয়ে হাত বাঁধা হয়। মাইক্রোবাসটি চলার পথে প্রায় দুই ঘণ্টায় আরও কয়েকজনকে তোলা হয়। মানুষে পূর্ণ মাইক্রোবাসটি একসময় থামে। তাঁদের দুপুর ১২টা বা সাড়ে ১২টার দিকে সিঁড়ি দিয়ে উঠিয়ে দোতলার একটি ঘরে বন্দী করে রাখা হয়। হাতের প্রচণ্ড ব্যথায় একপর্যায়ে তিনি কাতরাতে থাকলে এক বন্দী হাতের বাঁধন খুলে দেয়। ওই বন্দী বলে, তার নাম তারেক, অষ্টম শ্রেণীতে পড়ে। ওই স্থানটি আলবদরদের সদর দপ্তর, মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা ইনস্টিটিউট।
এই সাক্ষী বলেন, পরে তিনি চোখের বাঁধন খুলে দেখেন, ওই ঘরে অনেক বন্দী। অনেকে কাত হয়ে পড়ে আছেন, অনেকের চোখ বেরিয়ে এসেছে, কারও কাঁধে গুরুতর জখম। মেঝে রক্তে ভেসে যাচ্ছে। বেলা একটার দিকে তারেক বলে, চোখ খোলা থাকলে আলবদররা তাঁকে মেরে আধমরা করবে। তখন তিনি শার্টটিতে মেঝের রক্ত লাগিয়ে দেখার জন্য একটু ফাঁকা রেখে আলতো করে চোখ বাঁধেন। একটি ছেঁড়া গেঞ্জিতে রক্ত লাগিয়ে লুঙ্গির ভেতর রাখেন, যাতে দেখে মনে হয় তাঁকে নির্যাতন করা হয়েছে।
দেলোয়ার হোসেন বলেন, সন্ধ্যার দিকে আরও কয়েকজনকে ওই ঘরে আনা হয়। বন্দীদের একজন হাতের বাঁধন খুলে দেওয়ার আকুতি জানালে তিনি ওই বাঁধন খুলে দেন। তিনি দেখেন, ওই বন্দী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনীর চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন, তাই মুনীর চৌধুরীকে ভালোভাবেই চিনতেন। রাত আটটা বা সাড়ে আটটার দিকে দুজন লোক হারিকেন হাতে ঘরে ঢোকে, পেছনে রড হাতে ছিল ১০-১২ জন। ওই দুজন মুনীর চৌধুরীর কাছে গিয়ে বলে, ‘আপনি এত দিন ছাত্রদের মন্ত্র পড়িয়েছেন, আজ আমরা আপনাকে মন্ত্র পড়াব।’ মুনীর চৌধুরীর পাশেই ছিলেন অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী। একপর্যায়ে ওই দুজন মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দারকে ‘ভারতীয় চর’ আখ্যা দিয়ে তাঁদের মেরে ফেলতে রডধারীদের নির্দেশ দেন। রডের এলোপাতাড়ি আঘাতে মুনীর চৌধুরীর মুখ দিয়ে গলগল করে রক্ত বের হতে থাকে। মোফাজ্জল হায়দারকেও একইভাবে নির্যাতন করা হয়। তিনিও (সাক্ষী) মাথা ও পায়ে আঘাত পান। সাক্ষী এ সময় কেঁদে ফেলেন।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, রাত ১২টা বা সাড়ে ১২টার দিকে ওই লোকগুলো আবার ঘরে ঢুকে বন্দীদের বাইরে আনে। নামানোর সময় তিনি এক নারীর চিৎকার শোনেন। তাঁর ধারণা, ওই নারীকে পাশের ঘরে নির্যাতন করা হচ্ছিল। পরে বন্দীদের ২০-২২টি বাসে তোলা হয়। বাস কিছুক্ষণ চলার পর কাঁটাসূরে (বর্তমানে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ) থামে। তিনি দেখেন, একটি পুকুরের চারপাশে আরও অনেককে আনা হয়েছে। ওই স্থানে ইটের ভাটা ছিল। বন্দীদের সেখানে বিভিন্ন দলে ভাগ করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। যাঁরা চিৎকার করছিলেন তাঁদের গুলি করে হত্যা করা হয়। একপর্যায়ে তিনি এক নারীর বাঁচার আকুতি শোনেন। ঘাতকেরা নাম জানতে চাইলে ওই নারী জবাব দেন, সেলিনা পারভীন। পরে সেলিনা পারভীনকে ঘাতকেরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। এ সময় এক বন্দী সেখানে থাকা মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে বলেন, ‘মুঈন ভাই, আশরাফ ভাই, আপনারা থাকতে আমাকে মেরে ফেলবে? আমাকে রক্ষা করেন।’ ওই সময় আশরাফ ও মুঈন কিছুটা সামনে চলে গেলে তিনি (সাক্ষী) নদীর দিকে দৌড়ে পালাতে থাকেন। এক বন্দী পালাচ্ছে—ছয়-সাত মিনিট পর ঘাতকেরা তা বুঝতে পেরে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তিনি পানিতে ঝাপিয়ে পড়ে সাঁতরাতে থাকেন। ভোরের অন্ধকারে ঘাতকেরা টর্চের আলো ফেলে ও পানির শব্দ আন্দাজ করে গুলি করছিল। একপর্যায়ে তিনি গুলির রেঞ্জের বাইরে চলে আসেন। নদী থেকে উঠে দেখেন, বসিলা গ্রামের দুজন তাঁকে বাঁচাতে এগিয়ে এসেছেন। তাঁদের সহায়তায় তিনি পার্শ্ববর্তী মুক্তিযোদ্ধা ক্যাম্পে গিয়ে পুরো ঘটনা খুলে বলেন।
দেলোয়ার বলেন, বধ্যভূমিতে তিনি দেখেন, মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান প্রত্যক্ষভাবে ওই হত্যাযজ্ঞের তদারক করেন এবং কিলিং মিশনের নেতৃত্ব দেন। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলে তিনি ১৭ ডিসেম্বর বাড়িতে ফেরেন। তিনি বলেন, একাত্তরে তাঁর রায়েরবাজারের হত্যাযজ্ঞ সম্পর্কিত বিবৃতি ১৯ ডিসেম্বর দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত হয়। তিনি যুক্তরাজ্যভিত্তিক টিভি চ্যানেল ফোরে ওয়ার ক্রাইমস ফাইলেও এ বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন।
জবানবন্দি শেষে দেলোয়ারকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই। আইনজীবী মত (সাজেশন) দেন, আপনার বর্ণিত ঘটনায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান ছিলেন না। জবাবে দেলোয়ার বলেন, এটা সত্য নয়।
দেলোয়ারের সাক্ষ্য শেষে এই মামলার শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।