হত্যায় জড়িত সন্দেহে ভাই ও ভাতিজা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরী হত্যা মামলায় তাঁর বড় ভাই ও ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত রোববার রাতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার বাদীর পক্ষের লোকজন ওই দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহরাব হোসেন ওরফে জোসেফ (৫০) ও তাঁর ছেলে নবম শ্রেণির ছাত্র জুবাইদ হোসেন শাওন (১৪)।
গত ৮ মে রাতে মাহতাব উদ্দিন চৌধুরী দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন। ২১ মে সকালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সূত্র জানায়, মাহতাব উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়া চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। আদালত মামলাটি নথিভুক্ত করতে চকরিয়া থানাকে নির্দেশ দেন। ১৪ মে মামলাটি থানায় নথিভুক্ত করা হয়। ওই মামলায় সোহরাব হোসেন ৩ নম্বর সাক্ষী ছিলেন।
মামলার বাদী জান্নাতুল মাওয়া বলেন, ‘সোহরাব হোসেনরা জায়গা-জমির বিরোধের জের ধরে আমার স্বামীকে হত্যা করেছেন বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তাই সোহরাব ও তাঁর ছেলেকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।’
গতকাল সকালে থানা হাজতে সোহরাব হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে আমাকে ও আমার স্কুলপড়ুয়া ছেলেকে অহেতুক জড়ানো হয়েছে। মামলার বাদী কোনো পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে মামলায় আমাদের জড়িয়েছেন।’
মামলার তদন্ত কর্মকর্তা ও চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, মামলার বাদী ও তাঁর পক্ষের লোকজন সোহরাব ও তাঁর ছেলে জুবাইদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এসআই জানান, গ্রেপ্তার দুজনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।