হত্যার অভিযোগে মামলা, ১০ জনকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে পুলিশ কনস্টেবল রাকিবুল হাসানের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা মো. শাহজাহান মিয়া গত সোমবার রাতে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ চার নারীসহ ১০ জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে শেরপুর জেলা পুলিশ লাইনসের কাছের পৌর শহরের বাটারা এলাকার রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে কনস্টেবল রাকিবুলের (২১) লাশ উদ্ধার করে সদর থানা–পুলিশ। রাকিবুল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শৈলকুড়িয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি শেরপুর জেলা পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার দিবাগত গভীর রাতে শৈলকুড়িয়া গ্রামের পারিবারিক গোরস্থানে রাকিবুলের লাশ দাফন করা হয়।

রাকিবুলের লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মোবারক হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে বলেন, মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় রাকিবুলের মৃত্যু হয়েছে। এ ছাড়া তাঁর শরীর ঝলসানো ছিল। এটি অ্যাসিড ছিল কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

গতকাল বিকেলে সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, রাকিবুল হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। লাশের সঙ্গে উদ্ধার করা তাঁর মুঠোফোনের কললিস্ট চেক করে দেখা হচ্ছে। তিনি (রাকিবুল) নিখোঁজ হওয়ার আগে পুলিশ লাইনস থেকে তাঁকে কেউ ডেকে নিয়ে গিয়েছিল কি না অথবা এ ঘটনার সঙ্গে নারীঘটিত কোনো বিষয় জড়িত ছিল কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

রাকিবুলের বড় ভাই পুলিশ কনস্টেবল খোকন মিয়া টাঙ্গাইলের শৈলকুড়িয়া গ্রামের বাড়ি থেকে মুঠোফোনে বলেন, এ ঘটনা শোনার পর থেকে তাঁর মা সেলিনা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। কোনোভাবেই পরিবারের সদস্যরা এ ঘটনা মেনে নিতে পারছেন না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকেবলেন, এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তবে রাকিবুল হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য ঘটনাস্থলের আশপাশের চার নারী ও ছয় পুরুষকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঁদের কেউ জড়িত থাকলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাকিবুলের লাশ উদ্ধারের বিষয়টি নিয়ে গতকাল প্রথম আলোয়‘পুলিশ কনস্টেবলের ক্ষতবিক্ষত ঝলসানো লাশ উদ্ধার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।