হত্যার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী কামাল হোসেন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. ইকবালকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে এ ঘটনা তদন্তের জন্য আইন অনুষদের ডিন অধ্যাপক সরকার আলী আককাসকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলো ডটকমকে বলেন, আজ বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে কামাল হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে পাঠানো হয়েছে।

অভিযোগ রয়েছে, গতকাল শুক্রবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভেতরেই চতুর্থ শ্রেণীর কর্মচারী কামাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেছেন মো. ইকবাল। এ ঘটনায় পুলিশ ইকবালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানায় মামলাহয়েছে।