হত্যার অভিযোগে দুই মাস পর কবর থেকে তোলা হলো বৃদ্ধার লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার অভিযোগ ওঠায় মৃত্যুর প্রায় দুই মাস পর মালেকা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। মালেকা ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের পূর্ব বারুই গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থান থেকে ওই বৃদ্ধার লাশ তুলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তামিম আল ইয়ামীন।
নান্দাইল থানার ওসি ইউনুস আলী বলেন, আদালতের নির্দেশে গতকাল লাশ তুলে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ জুলাই মালেকা খাতুন মারা যান। গতকাল ওসি ইউনুস আলী বলেন, ওই দিন তিনিসহ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ না থাকায় তাঁরা পরে চলে আসেন।
এদিকে মৃত বৃদ্ধার মেয়ে নুরজাহান বেগম (৪০) তাঁর মাকে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ এনে গত ২৫ জুলাই ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ বিল্লাল হোসাইনের আদালতে হত্যা মামলা করেন। আদালতে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, জোর করে জমি লিখে নিতেই তাঁর বৈমাত্রেয় ভাই হাছেন ও হাছেনের লোকজন মিলে তাঁর মাকে হত্যা করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন বৈমাত্রেয় ভাই মো. হাছেন (৫৫) ছাড়াও আবদুর রাশিদ (২৮), রমজান আলী (২৬), আল আমীন (২৬), উজ্জ্বল (২৪), শহীদুল্লাহ (৪৮) ও আবদুল বারেক (৫০)।