হত্যার অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেপ্তার
ঘনিষ্ঠ বন্ধুকে হত্যার অভিযোগে মো. খায়রুল ওরফে আরমান চণ্ডী মহাল নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। গতকাল শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়।পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, খায়রুল ভারতের একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাঁর বাড়ি খুলনায়। তিনি কাজের সন্ধানে ১৯৯৭ সালে প্রথম অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান। পরে সেখানে মনির নামের চোর চক্রের সঙ্গে যোগ দেন। ২০০৩ সালে প্রথমবারের মতো গ্রেপ্তার হন তিনি। প্রায় ২৭ মাস জেল খাটার পর জামিনে মুক্তি পান। পরে আবারও তিনি চুরি শুরু করেন। খায়রুল বলেন, নয়াদিল্লিতে সাত্তার নামের এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। পরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু একপর্যায়ে তিনি টের পান তাঁর স্ত্রীর সঙ্গে সাত্তার অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন। এর জেরে গত বছর ১১ নভেম্বর ছুরিকাঘাতে সাত্তারকে হত্যা করেন তিনি। এর পর তিনি বাংলাদেশে পালিয়ে আসেন। গত সপ্তাহে আবার নয়াদিল্লি ফিরলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় খায়রুলের আইফোন, একটি টাইটান ঘড়ি ও ১২ হাজার রুপি উদ্ধার করা হয়। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।