হত্যার অভিযোগে মামলা, এসআইসহ আসামি ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার হরিমৃত্যুঞ্জয় গ্রামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে ঘটনার এক মাস পর মামলা হয়েছে। ওই মামলায় গৃহবধূর স্বামী, পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) সাতজনকে আসামি করা হয়েছে।নিহত গৃহবধূর নাম স্মৃতি রানী (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার নাপিতখালী গ্রামের ঠাকুর চাঁদ হাওলাদারের মেয়ে এবং হরিমৃত্যুঞ্জয় গ্রামের মাখন চন্দ্র হাওলাদারের (৫০) স্ত্রী।স্মৃতি রানীর ভাই সমীর চন্দ্র হাওলাদার বাদী হয়ে ২৭ অক্টোবর বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর আদালতে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন: মাখন চন্দ্র হাওলাদার, পলাশী রানী, বিকেন্দ্র চন্দ্র হাওলাদার, শিপন চন্দ্র, হিমাংশু, সঞ্জয় হাওলাদার ও আমতলী থানার এসআই শেখ বেল্লাল হোসেন।মামলার আরজি সূত্রে জানা গেছে, স্মৃতি রানীর সঙ্গে মাখন চন্দ্রের চার বছর আগে বিয়ে হয়। মাখন চন্দ্রের সঙ্গে এক নারীর পরকীয়া ছিল। এতে বাধা দেওয়ায় স্মৃতিকে প্রায়ই মারধর করতেন মাখন। একই কারণে ২৭ সেপ্টেম্বর সকালে স্মৃতিকে পিটিয়ে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়।মামলার আরজি সূত্রে আরও জানা গেছে, ওই দিনই আমতলী থানার পুলিশ স্মৃৃতির লাশ উদ্ধার করে বরগুনা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই শেখ বেল্লাল হোসেন অপমৃত্যু মামলা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতের চিহ্নের কথা উল্লেখ করা হলেও পরে পুলিশ কোনো হত্যা মামলা করেনি। এ কারণে স্মৃতির ভাই সমীর চন্দ্র ঘটনার এক মাস পর আদালতে মামলা করেছেন।মাখন চন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর ভাতিজা হিমাংশু জানান, তার কাকার দ্বিতীয় স্ত্রী স্মৃতি রানী পুকুরে ডুবে মারা গেছেন। তাঁকে মারধর করা হয়নি।এসআই বেল্লাল হোসেন জানান, ময়নাতদন্তের পর স্মৃতি রানীর বাবার বাড়ির কেউ থানায় হত্যা মামলা করতে আসেনি। আসামিদের নাম জানতে না পারায় পুলিশ মামলা করতে পারেনি। সমীর চন্দ্র দাবি করেন, তিনি বেশ কয়েকবার থানায় মামলা করতে গিয়েছেন। কিন্তু পুলিশ মামলা নেয়নি।