
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মিন্টো রোডের কার্যালয়ে ডিবির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালতের অনুমতির পর অভিজিৎ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এফবিআইয়ের এক কর্মকর্তার কাছে ১২ থেকে ১৩ ধরনের আলামত তুলে দেন। এফবিআইয়ের প্রতিনিধিদল বলেছে, দ্রুত এসব আলামত যুক্তরাষ্ট্রে তাদের পরীক্ষাগারে বিনা মূল্যে পরীক্ষা করিয়ে ফলাফল এবং আলামতগুলো ডিবির কাছে ফেরত দেবে। এফবিআইয়ের প্রতিনিধিদলটি আরও কিছু দিন ঢাকায় থাকবে। তিনি বলেন, আলামতের ডিএনএ পরীক্ষার মাধ্যমে হত্যাকারী শনাক্ত করা সম্ভব।
ডিবির এই যুগ্ম কমিশনার বলেন, সংগৃহীত আলামতের মধ্যে হত্যাকাণ্ডের স্থল থেকে পাওয়া দুটি চাপাতি, রক্তমাখা কিছু আলামত, ব্যাগ ও ব্যাগের ভেতরে বেশ কিছু কাগজ রয়েছে। তিনি বলেন, বস্তুগত এসব আলামত মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলামতের ডিএনএর মাধ্যমে অভিজিতের হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তা আদালতে উপস্থাপন করা হবে।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, রিমান্ডে থাকা শফিউর রহমান ফারাবী অভিজিৎকে হুমকিদাতা আরও কিছু ব্যক্তির নাম বলেছে। তাদের মধ্যে কয়েকজন ফেসবুকে ভুয়া আইডি খুলেছে। অভিজিৎকে হুমকিদাতা হিসেবে ১০ জনের করা তালিকার ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডিবির একজন কর্মকর্তা বলেন, অভিজিৎ হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এফবিআইয়ের সঙ্গে ডিবি পুলিশ তথ্য ও মতবিনিময় করছে।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ আহত হন। রাফিদাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক।